জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার সময় আটক যুবদল নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করা হয়েছিল। পরে লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিনি মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা এবং ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি বটতলায় খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়া করার পরে আমি কিছু মেয়ের গোপনে ছবি তুলেছি। এই ছবিগুলো আমার তোলা ঠিক হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কখনো আমি ছবি তুলতে ক্যাম্পাসে আসব না। এমনকি পুরো বাংলাদেশে আর কখনো কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলব না।’
নিরাপত্তা অফিস সূত্রে জানা গেছে, আটকের সময় দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ার উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে বিয়ার দুটি ধ্বংস করা হয়।
এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে বটতলায় এসেছিলেন। সেখানে দুই শিক্ষার্থীর ছবি তোলার অভিযোগ ওঠার পর তাঁকে নিরাপত্তা অফিসে আনা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, তিনি নিঃশর্তে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তার ব্যবহৃত গাড়িটিও আর ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এসব শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।




