logo

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তান অপহরণের হুমকি

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তান অপহরণের হুমকি
এইআইয়ের তৈরি প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানকে ফোন দিয়ে চাঁদা দাবি, না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক আতাউর রহমান আশুলিয়া থানায় জিডিটি (নম্বর ২৫১৯) করেন।

জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. আতাউর রহমান কর্মস্থলে অবস্থান করছিলেন। এ সময় তার ফোনে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। না দিলে তার সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয়।

জিডিতে ভুক্তভুগী শিক্ষক উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাতনামা। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাকে হয়রানি এবং তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘সোমবার দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। না দিলে আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে । আমরা দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব।’