logo

জাবিতে ধূমপান নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জাবিতে ধূমপান নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ
সংঘর্ষে মাথা ফেটে যায় শিক্ষার্থী নিলয়ের। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে ৫২তম ও ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন দুই আবর্তনের শিক্ষার্থীরা।

গত ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের আয়োজনে অনুষ্ঠিত কনসার্ট চলাকালে বিরোধের সূত্রপাত হয়। পরে ওই দিন রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াসংলগ্ন সিঁড়ির কাছে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুই পক্ষই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছে।

Advertisement

৫৩তম আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্ট চলাকালে তাদের কয়েকজন শিক্ষার্থী মাঝামাঝি স্থানে অবস্থান করছিলেন। এ সময় পেছনে থাকা ৫২তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী ধূমপান করছিলেন। তাদের ধূমপান করতে নিষেধ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসান নামের এক শিক্ষার্থীর গলা চেপে ধরা হয়। পরে আয়োজক কমিটির সদস্য ও অন্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই দিন রাত ২টার দিকে ক্যাফেটেরিয়াসংলগ্ন সিঁড়ির কাছে আগের ঘটনার বিষয়ে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নিলয়কে পেছন থেকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এসময় জিসান ও নিলয়কে মারধর করা হয়। তাদের রক্ষা করতে এগিয়ে গেলে আয়েশা নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের দাবি, এ ঘটনায় নিলয়ের মাথায় দুটি সেলাই দিতে হয়েছে। সিটিস্ক্যানের জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত জিসানকে অক্সিজেন দিয়ে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আয়েশার চোখেও আঘাত লাগে। ২১ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত চিকিৎসায় চার হাজার টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে ৫২তম আবর্তনের শিক্ষার্থীদের অভিযোগ, কনসার্টে তাদের এক বন্ধু ধূমপান করছিলেন। এ নিয়ে আপত্তি জানানো হলে তিনি ধূমপান বন্ধ করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ৫৩তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থী উগ্র আচরণ করেন। তাদের আচরণের কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে এগিয়ে যান। একপর্যায়ে আইআর বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী জিসান তাদের একজনের কলার চেপে ধরেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কলার ধরার ঘটনা ঘটে। আয়োজক কমিটির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি তাদের।

৫২তম আবর্তনের শিক্ষার্থীদের আরও অভিযোগ, কনসার্টের বিরতির সময় ক্যাফেটেরিয়ার সামনে ও সিঁড়িতে কথা বলার একপর্যায়ে নিলয় এগিয়ে এসে তাদের একজনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ সময় জিসানসহ কয়েকজন নারী শিক্ষার্থীকে সামনে রেখে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে। এতে সিঁড়ি থেকে পড়ে কয়েকজন আহত হন। এ ছাড়া দিহানের মোবাইল ফোন, মানিব্যাগ ও চশমা হারিয়ে যাওয়ার পাশাপাশি রসায়ন বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী হিমেলকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগও করেছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হালিম এশিয়া পোস্টকে বলেন, দুই পক্ষের কাছ থেকেই অভিযোগপত্র পেয়েছি এবং তা গ্রহণ করেছি। একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হবে। যাচাই শেষে প্রাথমিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।