অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে হত্যার ১০ দিন আগে কাজ নেন ফাহাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বা শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ ঘটনার মাত্র ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন। অপ্রতিম নিখোঁজের পর থেকে তাকে খোঁজাখুঁজিতেও সক্রিয় নাটকীয় ভূমিকা পালন করেন ফাহাদ। এমনকি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পর মূল আসামি তুহিনকে শনাক্ত করতে ফাহাদই সাহায্য করেছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ও কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন।
ফিরোজ শাহরিয়ার জানান, গত ২ সেপ্টেম্বর ফাহাদ তার বাবা-মাকে সঙ্গে নিয়ে তার অফিসে আসেন। তখন তার প্রতিষ্ঠানে ডেলিভারি ও ফিল্ড পর্যায়ে কাজের জন্য লোক নেওয়া হচ্ছিল। ফাহাদকে কাজ দেওয়ার আগে তার পরিবারের সঙ্গে কথা বলা হয়। প্রথমে তার কাজ ও আচরণ পর্যবেক্ষণ করে পরে আনুষ্ঠানিক চুক্তি করার কথা ছিল। গত ৮ সেপ্টেম্বর ফাহাদ কাজে যোগ দেন।
অপ্রতিমের বাবা বলেন, ফাহাদ আমাদের সঙ্গে কাজ করছিল এবং তার কাজ ও আচরণ ভালোই ছিল। অপ্রতিম নিখোঁজ হওয়ার পরও প্রথমদিকে সে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তাই তখন তার প্রতি আমাদের কোনো সন্দেহ তৈরি হয়নি। ফাহাদের সঙ্গে অপ্রতিমের পরিচয় সম্পর্কে ফিরোজ শাহরিয়ার বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, অপ্রতিমকে চেনে কি না। সে বলেছিল, একটি গ্রুপের মাধ্যমে অপ্রতিমকে চেনে এবং তাকে ভালোভাবেই চেনে।
তিনি জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতে তিনি ফাহাদকে ফোন করে অপ্রতিমকে দেখেছে কি না জানতে চান। তখন ফাহাদ জানান, তার সঙ্গে অপ্রতিমের দেখা হয়নি। একই সঙ্গে তুহিন নামে একজনের কথা বলেন এবং জানান, তুহিন অপ্রতিমের পরিচিত।
ফিরোজ শাহরিয়ার বলেন, ফাহাদ তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তাকে জানান, তুহিন একটি পাম্পে আছেন। তখন তুহিনের ফোন নম্বর ও বাসার অবস্থান জানার চেষ্টা করা হয়। তার ভাষ্য, ওই সময়ও ফাহাদ তাদের সহযোগিতা করছিলেন।
তিনি আরও বলেন, ফাহাদ তাদের একটি গ্রুপে অপ্রতিমকে পাওয়া যাচ্ছে না—এমন বার্তাও দিয়েছিলেন। তখন তাদের মনে হয়েছিল, ফাহাদ অপ্রতিমকে খুঁজে পেতে সহযোগিতা করছেন।
পরদিন ফাহাদের ফোন নেওয়ার পর ফুটেজে তুহিনের সঙ্গে অপ্রতিমকে দেখা যাওয়ার বিষয়টি সামনে আসে বলে জানান ফিরোজ শাহরিয়ার। তার ভাষ্য, ফুটেজে থাকা ব্যক্তিকে ফাহাদ তুহিন হিসেবে শনাক্ত করেন। এর আগে আমরা তুহিনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম। তখন সে অপ্রতিমের সঙ্গে দেখা হওয়ার কথা অস্বীকার করেছিল।
ফাহাদ আটকের বিষয়ে অপ্রতিমের বাবা বলেন, অপ্রতিমের মরদেহ যেখানে পাওয়া গেছে, সেদিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে তিনজনের সঙ্গে ফাহাদও ছিল বলে জানতে পারি। সেখানে গিয়ে সে অসুস্থ বোধ করছে বলে সরে যায়। পরে তার নম্বর থেকে তুহিনের নম্বরে ফোন করা হয়েছিল বলে জানতে পারি। ওই ফোনের সূত্র ধরেই ফাহাদকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পারি।
তবে এসব তথ্যের কিছু অংশ তিনি অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানিয়েছেন। ফলে মোবাইল কল ও ফাহাদের ওই এলাকায় যাওয়ার বিষয়ে তার বক্তব্যের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সন্তানহারা এই বাবা আকুতি জানিয়ে বলেন, আমার সন্তান মারা গেছে। কিন্তু কোনো নির্দোষ মানুষ যেন আমার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। আমি চাই, তদন্তের মাধ্যমে প্রকৃতভাবে যারা জড়িত, তাদের শনাক্ত করা হোক।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আইফোন ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই ১৩ বছর বয়সি অপ্রতিমকে হত্যা করা হয়েছিল। এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম।
আদালত পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে অভিযুক্ত তুহিন, ফাহাদ ও কামরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্তদের মধ্যে ফাহাদ ও কামরুল নাবালক হওয়ায় আদালতের নির্দেশে তাদের গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, আমরা চারজনকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আদালত আজ দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে। দুজনের মধ্যে সিয়াম মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি।
এর আগে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সি অপ্রতিম। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন ম্যাজিক প্যারাডাইসের পাশে দক্ষিণ সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটি তার বাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।
