আওয়ামী লীগের অপরাধ আড়ালের চেষ্টা, শিক্ষকদের বক্তব্যের নিন্দা জাবি ছাত্রদলের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপরাধ আড়াল করে রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে কয়েকজন শিক্ষকের বক্তব্যকে ‘দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন শাখা ছাত্রদলের সদস্য (দপ্তর সম্পাদক) আব্দুল্লাহ অন্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার হরণ, গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রীয় দমন-পীড়নের দীর্ঘ সময়ের পর ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে, অতীতের অপরাধের দায় স্বীকার ও বিচার নিশ্চিতের বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে কয়েকজন শিক্ষকের বক্তব্য উদ্বেগজনক বলে উল্লেখ করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানাসহ কয়েকজন শিক্ষকের বক্তব্যের সমালোচনা করা হয়। ছাত্রদলের অভিযোগ, তাদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধকে আড়াল করা এবং দলটির পক্ষে মত তৈরির প্রবণতা দেখা যাচ্ছে।
সংগঠনটির দাবি, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম আইনত নিষিদ্ধ। এরপরও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক শক্তির অধিকার নিয়ে কথা বলার সময় অতীতের অপরাধ, বিচার এবং বর্তমান সহিংসতার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার হলেও সেই স্বাধীনতার দোহাই দিয়ে ঐতিহাসিক সত্য বিকৃত করা কিংবা অপরাধের দায় আড়াল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরার পরিবর্তে ইতিহাসের আংশিক ও বিকৃত প্রচার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
বিজ্ঞপ্তির শেষাংশে ছাত্রদল জানায়, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে আড়াল করে অপরাধের দায়মুক্তির কোনো বক্তব্য তারা গ্রহণ করবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। একই সঙ্গে গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের দায়ে অভিযুক্তদের পক্ষে বক্তব্য তৈরির প্রচেষ্টা শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে উল্লেখ করা হয়।





