চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শরীফুল আলম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি ভিসি পদে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ২০২৪ সালের ৪ ডিসেম্বর কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দেন। এর আগে তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৩ সালে চুয়েট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম হন। ২০১০ সালে ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তো থেকে এমএসসি এবং ২০১৪ সালে ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পোল্যান্ডের ওয়ারশতে নিকোলাস কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করেন।
কুয়েটে ২০০৪ সালে প্রভাষক হিসেবে যোগ দেওয়া শরীফুল আলম ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক হন। তার ৪২টির বেশি গবেষণাপত্র দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনারে প্রকাশিত হয়েছে।
