কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, আবেদন শুরু ২৫ নভেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা পেছানোর গুঞ্জন উঠলেও পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।
রোববার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এ সিদ্ধান্ত নেন। সভায় ভর্তি পরীক্ষার নেতৃত্বদানকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এ তথ্য জানান।
এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। আবেদন করতে হলে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে। আগামী ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষার ওয়েবসাইট চালু হলে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে। ওয়েবসাইটে সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের দ্রুত আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শও দিয়েছেন তিনি।
এবার কৃষিগুচ্ছে মোট ১০টি সরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে ৯টি বিশ্ববিদ্যালয়ে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

