‘যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করেছি’ বললেন দেশসেরা সিয়াম

‘আমার যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে চেষ্টা করেছি, বাকিটা মহান আল্লাহর দান। অনেকে হয়তো আমার চেয়েও যোগ্য ছিলেন, তবে দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন’ অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আরিফুল করিম সিয়াম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ২০০ জন সফল প্রার্থীর এ ফলাফল প্রকাশ করা হয়।
মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা আরিফুল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দেশের সেরা হওয়ার এ গৌরবে উচ্ছ্বসিত তার বিভাগ ও পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।
ভবিষ্যতে এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক জুনিয়রদের পরামর্শ দিয়ে সিয়াম বলেন, দীর্ঘ এ যাত্রায় ধৈর্য ধরা সবচেয়ে জরুরি। প্রস্তুতিতে প্রতিদিন সমান সাফল্য আসবে না, তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া আবশ্যক।
সিয়ামের এই অসাধারণ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আনজু অভিনন্দন জানিয়ে বলেন, সংবাদটি শুনে দারুণ লাগছে। আমাদের আইন বিভাগ থেকে আবারও কেউ দেশসেরা হয়েছে— এটি বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চরম গর্বের। সিয়ামসহ উত্তীর্ণ ২০০ জন প্রার্থীর সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
