logo

স্নাতকোত্তর শেষের ৭ দিনের মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

স্নাতকোত্তর শেষের ৭ দিনের মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : ফেসবুক থেকে পাওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হলে অবস্থানরত যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাদের পরীক্ষা সমাপ্তির সাত দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে সুষ্ঠু আসন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং হলের সার্বিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮-এর ৫ (ট) ধারার প্রযোজ্য বিধান অনুসারে তাদের পরিচয়পত্র, চিকিৎসা কার্ড ও গ্রন্থাগার কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফেরত প্রদানপূর্বক হল ত্যাগ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট হল প্রশাসনকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।