রাইড শেয়ারিং চালককে হত্যা ও দস্যুতার অভিযোগে গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে রাইড শেয়ারিং চালককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনসহ পৃথক হত্যা ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ড ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত চালকের মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (২১ নভেম্বর) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোবায়ের আহমেদ ইমন (৩৩), মোছা. জারা (২৫), সৈয়দ আব্দুল্লাহ আহমেদ (২২) এবং মো. নূর আলম খান ওরফে রবিন (২৯)।
ডিসি আকতার হোসেন জানান, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের একটি গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলাম (৪৬) খুন হন। দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যার পর তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
এর আগে গত ৫ নভেম্বর রাতে একই থানার কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মো. এনামুল মোর্শেদের কাছ থেকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা হয়।
ডিসি আকতার আরও জানান, দুটি পৃথক ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে শনিবার (২১ নভেম্বর) রাতে জোবায়ের আহমেদ ইমন ও মোছা. জারাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ আব্দুল্লাহ আহমেদ ও নূর আলম খান ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযানে হত্যাকাণ্ড ও দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল, নিহত আরিফুল ইসলামের ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, দস্যুতার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।





