logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

তুরাগে লুঙ্গির ভেতর থেকে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

তুরাগে লুঙ্গির ভেতর থেকে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার
দুই পুলিশ সদস্যের মাঝে মো. আকতার হোসেন। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ মো. আকতার হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) তুরাগ থানাধীন ধউরের কোরিয়ান গার্মেন্টসের পেছনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার আকতার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজীবাড়ী এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর তুরাগ থানাধীন ধউর পূর্বপাড়া নূর মদিনা মসজিদ গলিতে বসবাস করেন।

ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রোববার রাতে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধউর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আকতারের পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের একটি প্লাস্টিকের জিপারযুক্ত প্যাকেট জব্দ করা হয়। ওই প্যাকেটের ভেতরে ১৮৫ পিস গোলাপি রঙের ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবার মোট ওজন ১৯ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, আকতার এলাকার তালিকাভুক্ত ও পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও চারটি মামলা রয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট