logo

তাহসিফের মোটরসাইকেল ও মানিব্যাগের খোঁজ নেই

তাহসিফের মোটরসাইকেল ও মানিব্যাগের খোঁজ নেই
পরিবারের কাছে কে এম তাহসিফ সৌরির মরদেহ। ইনসেটে তাহসিফ। ছবি : এশিয়া পোস্ট

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদে ভাসমান অবস্থায় উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও মানিব্যাগের। স্বজনদের দাবি, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল ও মানিব্যাগটি নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনে এশিয়া পোস্টকে এমন অভিযোগ জানান স্বজনরা। তবে এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক তাহসিফের এক চাচা এশিয়া পোস্টকে বলেন, 'সৌরি বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে একটি মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলেই করেই সে বাসা থেকে বের হয়। এ সময় তার পকেটে একটি মানিব্যাগও ছিল। হত্যাকারীরা হাতঘড়ি ও মোবাইল ফোন না নিলেও মানিব্যাগ ও মোটরসাইকেল নিয়ে গেছে।'

এর আগে বিকেলে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করীম হেলাল এশিয়া পোস্টকে বলেন, 'এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ নদীতে পাওয়া গেছে৷ ওই এলাকায় ও (সৌরি) কখনোই যায় না। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে হত্যাকারীদের বিচার হোক।'

তার ছোট চাচা তাহসিনুল করীম সাউদি এশিয়া পোস্টকে বলেন, 'মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সৌরির মোবাইল থেকে তার মাকে বয়েস মেসেজ দিয়ে বলেছে, ও বাসায় আসতেছে। তার পর থেকেই তার মোবাইল বন্ধ ছিল। তাকে পাওয়া যাচ্ছিল না।'

দীপ নামের এক বন্ধু এসে তাকে বাসা থেকে নিয়ে গিয়েছিল বলেও যুক্ত করেন তাহসিনুল করীম।

এদিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে করবী ভবনের নিচ তলার পার্কিং থেকে একটি মোটর সাইকেলে করে বেরিয়ে যান কে এম তাহসিফ সৌরি। তার সঙ্গেই আরেকটি মোটরসাইকেলে করে আরেক ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখা যায়।

স্বজনদের দাবি, তাহসিফের সঙ্গে থাকা ব্যক্তি তারই বন্ধু দীপ। বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তাহসিফ।

এ প্রসঙ্গে জানতে টঙ্গীর নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে ইনচার্জ পরিদর্শক ফিরোজ উদ্দিনকে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও কলটি রিসিভ করেননি।

ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ও দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এইচ এম আরশাদ এশিয়া পোস্টকে জানান, মরদেহটি তুরাগ নদ থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা বা অভিযোগ করেননি।'

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট-সংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত সৌরি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তারা তিন ভাই বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।