রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার (৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ হোসেন শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা-মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও।
