ঢাকায় আশ্রয় নেওয়া আ.লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান

ঢাকার বাইরে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব নেতাকর্মীর সম্ভাব্য আশ্রয়স্থল চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন ও আত্মগোপনে রয়েছেন, তাদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
রাজধানীতে নাশকতা প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
তিনি জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে এডিসি নিয়াজ মেহেদী বলেন, এসব স্থাপনাকে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী এসব স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশি নজরদারি চলছে।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।






