logo

উত্তরায় জাপানিজ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় জাপানিজ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
রাজধানীর উত্তরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় ‘গোজো রামেন’ নামের একটি জাপানিজ রেস্টুরেন্টকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উত্তরা ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডের ৪০ নম্বর ভবনের ওই রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেলও পাওয়া যায়। এ ছাড়া ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়াই খাদ্যোপকরণ সংরক্ষণ এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ মজুত করতে দেখা যায়।

এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস।

এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।