জুলাই আন্দোলনে সাগর হত্যা মামলায় ৬৬ নম্বর আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে নিহত সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহমেদ (২১) হত্যা মামলায় মো. সিরাজুল খান (৬৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহমেদ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাগর আহমেদের চাচাতো ভাই বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ১৫। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার সিরাজুল খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও সংশ্লিষ্ট অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।






