একসঙ্গে পাগড়ি নিলেন ৩২ কোরআনের হাফেজ

মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন কোরআনের হাফেজকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। একই সঙ্গে হাফেজদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকসহ সব অতিথিকে সম্মাননা দেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে হুফফাজ সেলিব্রেশন-২০২৬-এ হাফেজদের পাগড়ি দেওয়া হয়।
কোরআন তেলাওয়াত, ইসলামি গজল ও শুভেচ্ছা বক্তব্যের পর অনুষ্ঠান উদ্বোধন করেন মারওয়াহর প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতি খলীলুর রহমান আল আজহারী।
প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভি। প্রধান আলোচক ছিলেন নতুনবাগ জামিয়ার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস ড. মুফতি মো. গোলাম মহিউদ্দীন ইকরাম।
মাদরাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মুফতি মাঈনুদ্দীন ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক-কলামিস্ট মুফতি শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল, আফতাবনগর সি-ব্লক মসজিদের খতিব শায়খ মাহমুদুল হাসান মাদানী, তানযীমুল উম্মাহর সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান আল মাদানী, বিপিএমএ’র সভাপতি মোস্তফা আশরাফী, শাহ আলী মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম, লেখক গবেষক মুফতি সাখাওয়াত হোসাইন, বিপিএমএ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল আলিম প্রমুখ।






