logo

‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান

‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন রুনা খান।

এশিয়ার নোবেলখ্যাত ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় এ সম্মাননা। ২০২৬ সালের ৬৮তম ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ আনুষ্ঠানিকভাবে রুনা খানের হাতে তুলে দেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই। এর আগে, ১১ নভেম্বর আয়োজিত একটি পাবলিক লেকচার অনুষ্ঠানে রুনা খান তার অগ্রযাত্রা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

জনসেবামূলক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হয়। রুনা খান বাংলাদেশের ১৪তম ব্যক্তি হিসেবে এ সম্মাননা গ্রহণ করলেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে ১৯৫৮ সালে প্রবর্তন করা হয় এ পুরস্কার। সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০২৬ সালের ৬৮তম ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেই সব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করছি, যারা আমাদের তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আর প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্যোন্নয়নে এগিয়ে যেতে সহযোগিতা করেছে ফ্রেন্ডশিপ পরিবার। ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের সেই সব সহযোদ্ধার নিরলস প্রচেষ্টার ফলে আজ এমন সম্মানজনক পুরস্কার অর্জন সম্ভব হয়েছে।

“আমার বিশ্বাস, মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।”

র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া ৬৮তম পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, “টমি কোহ, রুনা খান ও বো চির জীবনপথ ভিন্ন হলেও তাঁদের প্রত্যেকের জীবন আমাদের মনে করিয়ে দেয়, জীবনে আমরা যে সত্যের মুখোমুখি হই, তার পরিপ্রেক্ষিতে আমাদের নেওয়া সিদ্ধান্ত ও কাজই জীবনের প্রকৃত গতিপথ নির্ধারণ করে। তাঁরা কেউই ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি। বরং তাঁরা চারপাশের সমস্যাগুলো দেখেছেন, অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন যে এসব দেখে মুখ ফিরিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়।”

ফ্রেন্ডশিপের মাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন-জীবিকার সুযোগ তৈরি এবং অন্যান্য মৌলিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন রুনা খান। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে গভীর সহমর্মিতা, সাহস, দূরদর্শিতা ও অধ্যবসায়ের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খানকে সম্মানিত করেছে ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ ফাউন্ডেশন। পুরস্কার প্রদানকারী সংস্থার মতে, দেশের সবচেয়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলস প্রচেষ্টা এবং তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে রুনা খানের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এমন দর্শন ও মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালে ৬৮তম ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খানকে।

সমন্বিত উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে রুনা খান ও ফ্রেন্ডশিপ

দেশের দুর্গম প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ পেলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। তাঁর অতুলনীয় মানবিক বোধ, সাহস, দূরদর্শিতা ও দৃঢ় নেতৃত্ব প্রান্তিক ও বঞ্চিত মানুষের মধ্যে আশার আলো দেখিয়েছে। এমন কাজের স্বীকৃতি হিসেবেই রুনা খানকে সম্মানিত করেছে ‘র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড’ ফাউন্ডেশন।

পুরস্কার ঘোষণার সময় ‘র‍্যামন ম্যাগসাইসাই’ ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য রুনা খানের অসামান্য অবদান এবং তাদের কল্যাণে ফ্রেন্ডশিপের নিরলস প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসনীয়। রুনা খানের দর্শন হলো, ‘সামাজিক ও অর্থনৈতিক সুবিধা কোনো ব্যক্তিগত অধিকার বা ভোগের বিষয় নয়; বরং তা অন্য মানুষের জীবনেও আশা, সুযোগ-সুবিধা, মর্যাদা ও সম্ভাবনা তৈরি করে।’

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খানের এমন সামাজিক ও মানবিক কাজের সূচনা হয় ১৯৯৭ সালে। সে সময় দেশের দুর্গম চরাঞ্চলে গিয়ে তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেন নদীভাঙন, বন্যা ও বারবার বাস্তুচ্যুতির কারণে মানুষের অসহায় জীবনযাপন। যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলে মানুষের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা ছিল অত্যন্ত সীমিত। দুর্গম প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার তাগিদ থেকেই ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ফ্রেন্ডশিপ’।

শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ নেয় সংস্থাটি। দুই দশকের বেশি সময় ধরে পরিচালিত এমন উদ্যোগ এখন পরিণত হয়েছে একটি সমন্বিত সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক নাগরিক সেবা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ। বর্তমানে সংস্থাটির কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পাচ্ছেন।

ফ্রেন্ডশিপের এমন দর্শনের প্রতিফলন সংস্থাটির উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস)। এর মাধ্যমে জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা এবং ভৌগোলিক প্রতিবন্ধকতাকে পরস্পর সম্পর্কযুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। ফলে উন্নয়ন কার্যক্রমও পরিচালিত হয় সমন্বিতভাবে। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে স্থানীয় জনগোষ্ঠী পরিচালিত, প্রকৃতিনির্ভর এবং দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন সৃষ্টিকারী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে ফ্রেন্ডশিপ। পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রয়োজন ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।

রুনা খানের নেতৃত্বে গড়ে ওঠা এ উন্নয়ন মডেল আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ স্বীকৃতি পেয়েছে। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের জন্য ‘ফিক্স দ্য ক্লাইমেট’ বিভাগে মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। এ পুরস্কার অর্জনের মাধ্যমে সংস্থাটি প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।