logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পাবনায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক, নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক

পাবনায় সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক, নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক
সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামলেও কাটেনি আতঙ্ক। ঘটনার পরও পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও প্রশাসন। এদিকে সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার (৭১) এবং আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন (২৭) ও রাব্বি হাসান (২৩)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি পুলিশের।

এর আগে সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার দুপুরে বেড়া পৌর সদর ও সংঘর্ষস্থল ঘুরে দেখা যায়, আতঙ্কে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ইটপাটকেল। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকলেও রোববার নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা। তবে সংঘর্ষের পর ভাঙচুর ও অগ্নিসংযোগে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ প্রশাসন দেখছে। উপজেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত ব্যক্তি এবং ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে তিনি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সঠিক সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত জিসান (১৫) নামের এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর জেরে গত তিন দিনে উভয়পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।