logo

বার্ডে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, এক পরিবারেই ৯ জন

বার্ডে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, এক পরিবারেই ৯ জন
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের বঞ্চিত করে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অন্তত ২২ জন আত্মীয়স্বজনকে চাকরি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কর্মচারী ইউনিয়নের এক নেতার পরিবারেরই ৯ সদস্য বার্ডের বিভিন্ন পদে কর্মরত।

২০২৪ সালের ৯ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৭টি ক্যাটাগরিতে মোট ৫৪ জনকে নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড দেওয়া হয়। জানা গেছে, গত ১৬ আগস্ট নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়। নিয়োগ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

অভিযোগ উঠেছে, কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও হিসাবরক্ষক আশীষ কুমার পাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচ্ছন্নতাকর্মী মারুফুল ইসলামের যোগসাজশে নিয়োগে অনিয়ম হয়েছে।

অনুসন্ধানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের পরিবারের সদস্যদের নিয়োগের বিষয়টি। সর্বশেষ নিয়োগে তার স্ত্রী দপ্তরি পদে এবং বড় ভাইয়ের স্ত্রী সহকারী পরিদর্শিকা পদে চাকরি পেয়েছেন। দুজনের সঙ্গে কথা বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

মারুফুল ইসলামের বাবা বার্ডের সাবেক অফিস সহায়ক ছিলেন। গত আট বছর ধরে কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পদে থেকে প্রভাব বিস্তার করে আসা মারুফুলের তিন ভাই, এক বোন এবং সর্বশেষ নিয়োগ পাওয়া দুজনসহ পরিবারের মোট ৯ জন সদস্য বর্তমানে বার্ডের বিভিন্ন পদে কর্মরত।

এ বিষয়ে জানতে চাইলে মারুফুল ইসলাম বলেন, আপনার কাছে সত্য তথ্য থাকলে আপনি প্রচার করেন। আমার ফ্যামিলির যোগ্যতা থাকলে ৫০ জন জব করতে পারবে, এটাতে আপনার প্রবলেম আছে? আমার স্ত্রী তিনটি পদের লিখিত পরীক্ষায় পাস করার পর ১৯তম গ্রেডের দপ্তরিতে যোগদান করেছে। এসব অনিয়ম নিয়ে ছয় মাস তদন্ত হয়েছে, কিন্তু কিছুই পায়নি। যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার পরও এসব শুনতে খারাপ লাগে।

আরও জানা গেছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বার্ডের বর্তমান ও সাবেক কর্মচারীদের আরও অনেক আত্মীয়স্বজন রয়েছেন।

নিরাপত্তাপ্রহরী মো. মজিবুর রহমানের ছেলে মো. উজ্জ্বল তথ্য সহকারী পদে এবং একই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে উজ্জ্বলের স্ত্রী নাসরিন আক্তার অফিস সহকারী পদে চাকরি পেয়েছেন। বার্ড সমবায় সমিতিতে কর্মরত আলমের স্ত্রী পরিচ্ছন্নতাকর্মী এবং তার ভাই মো. শাওন কার্য সহকারী পদে নিয়োগ পেয়েছেন।

বার্ডের মেডিকেল শাখার ক্লিনিক সহকারী মো. আলাউদ্দিনের স্ত্রী নাহিদা আক্তার দাই পদে নিয়োগ পেয়েছেন। জানা গেছে, তারা দুজন একই কক্ষে অফিস করেন।

মহাপরিচালকের বাংলোতে কর্মরত কবির হোসেনের ছেলে মো. মহিউদ্দিন বাইন্ডার পদে এবং প্লাম্বিং ফোরম্যান ফরিদ উদ্দিনের ছেলে ফরহাদ একই শাখায় প্লাম্বিং সহকারী পদে নিয়োগ পেয়েছেন।

বিদ্যুৎ কারিগর ও কর্মচারী ইউনিয়নের ক্যাশিয়ার আব্দুল্লাহ আল ইমরানের ছোট বোন খাদিজা বেগম অফিস সহকারী পদে চাকরি পেয়েছেন। তার বাবাও বার্ডের ক্যাফেটেরিয়ায় কর্মরত ছিলেন।

এ ছাড়া অফিস সহকারী আছমা আক্তার ও ফার্মাসিস্ট মো. নাজমুল ইসলাম নিয়োগ কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নিকটাত্মীয় বলে অভিযোগ উঠেছে। তবে ফার্মাসিস্ট নাজমুল ইসলাম দাবি করেছেন, এডিজি আব্দুল্লাহ আল মামুন তার কোনো আত্মীয় নন।

নাম প্রকাশ না করার শর্তে এক নিয়োগপ্রত্যাশী বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা পরীক্ষায় অংশ নিয়েছিলাম। ওনারা যদি স্বজনপ্রীতিকেই প্রাধান্য দেবেন, তাহলে কেন আমাদের পরীক্ষা নিচ্ছেন? পছন্দের প্রার্থীদের নিয়ে নিলেই তো পারেন।

আব্দুল্লাহ নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, আমি মেধাতালিকায় প্রথম হয়েছিলাম। আমাকে নেওয়া হয়নি। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি, সবাই অফিসের স্টাফদের পরিচিত প্রার্থী।

হাসান নিলয় নামের এক চাকরিপ্রত্যাশী বলেন, আমি ভাইভা দিয়েছিলাম। আমার মতো তিন-চারজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রার্থীকে বাদ দিয়ে ডিগ্রিধারী, অভিজ্ঞতাহীন একজনকে নিয়োগ দিয়েছেন, যার ন্যূনতম জ্ঞানও ছিল না।

তবে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কর্মচারী ইউনিয়নের সভাপতি ও হিসাবরক্ষক আশীষ কুমার পাল। তিনি বলেন, এ নিয়োগের সঙ্গে আমি জড়িত নই। আমার সঙ্গে যারা কর্মচারী পরিষদে হেরেছে, তারা অপপ্রচার চালাচ্ছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি ও বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমরা যোগ্যদের বাদ দেব কেন? এই অভিযোগ সত্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়েছে। বাইরের কেউ যোগ্য না হলে বা পরীক্ষায় অংশ না নিলে আমাদের কিছু করার নেই।

একই পরিবারের একাধিক সদস্যের নিয়োগ পাওয়ার বিষয়ে তিনি বলেন, কার পরিবারের কে নিয়োগ পেয়েছেন, তা আগে থেকে জানার সুযোগ নেই। নিয়োগের পর জানতে পেরেছি। একই নিয়োগে একই পরিবারের দুই সদস্য কীভাবে নিয়োগ পেয়েছেন, সেটা অফিস বলতে পারবে। বার্ডে যারা থাকেন, তারা একাডেমি সম্পর্কে জানেন, বোঝেন এবং সেভাবে প্রস্তুতি নেন। এখানে ২৫ শতাংশ প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আমার কোনো আত্মীয় নেই। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন।

এ বিষয়ে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, নিয়োগসংক্রান্ত বিষয়ে আমার কাছে তেমন অভিযোগ আসেনি। বিষয়টি গুরুত্বসহকারে দেখব।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট