মেধার বিচারে আঞ্চলিকতা নয়: বিসিএস নিয়ে ছাত্রদল নেতা

৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেটে নাম না থাকাদের নিয়ে ফেসবুক পোস্টে এক মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ। তিনি বলেছেন, মেধার বিচারে আঞ্চলিকতা নয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে তৌহিদুর রহমান তাজ লেখেন, মেধার বিচারে কোনো ধরনের আঞ্চলিকতার সুযোগ থাকা উচিত নয়। অঞ্চল কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ের ভিত্তিতে কাউকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখারও সুযোগ নেই।
তার দাবি, শুধুমাত্র গোপালগঞ্জে বাড়ি হওয়ার কারণে কিংবা ‘গোপালগঞ্জ’ পরিচয়ের কারণে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়া হয়ে থাকলে তা অন্যায় এবং মেধার অবমূল্যায়ন।
এ ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে বিষয়টির দ্রুত ও সঠিক তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে যোগ্য ও মেধাবী প্রার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তৌহিদুর রহমান তাজ। এতে তারা দেশ ও জাতির সেবায় নিজেদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে তৌহিদুর রহমান তাজ আরও লেখেন, এলাকার মানুষের অধিকার আদায়ে গোপালগঞ্জের স্থানীয় তিন সংসদ সদস্য কাজ করছেন এবং সংসদে এ বিষয়ে সোচ্চার রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তারা বিষয়টি সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
পোস্টের শেষে তৌহিদুর রহমান তাজ লেখেন, ‘মেধাবীদের সঠিক মূল্যায়ন হোক, বন্ধ হোক আঞ্চলিকতার নামে বৈষম্য।’
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নাম প্রকাশ করা হয়েছে। বাকি ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে গোপালগঞ্জের নয় জন রয়েছেন।
গোপালগঞ্জের ওই নয় প্রার্থীর নাম চূড়ান্ত গেজেটে না থাকার সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
