logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

প্রতিমা বিসর্জন শেষে অতিরিক্ত মদপান, দুই বন্ধুর মৃত্যু

প্রতিমা বিসর্জন শেষে অতিরিক্ত মদপান, দুই বন্ধুর মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অতিরিক্ত চোলাই মদপানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হলেও মূলত শনিবার (২১ নভেম্বর) রাতে চান্দগাঁও থানার মধ্যম মোহরার খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

মৃত দুজন হলেন- উজ্জ্বল ঘোষ ও নান্টু ঘোষ। অসুস্থ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুদীপ্ত দত্ত, সরোজ বৈদ্য ও বিধান মহাজন। তাদের মধ্যে সুদীপ্ত দত্ত আইসিইউতে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মধ্যম মোহরার মগধেশ্বরী মন্দির এলাকায় জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন শেষে ওই পাঁচ বন্ধু একসঙ্গে মদপান করেন। এর কিছুক্ষণ পরই বিষক্রিয়ায় তারা অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল ও নান্টুকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্যম মোহরা এলাকায় চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।