ঢাকায় লেখাপড়া করা শিক্ষার্থীও নিজ গ্রামে হয়েছেন সারের ডিলার

দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় প্রবাসী ও শিক্ষার্থীরাও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। কোনো ধরণের অভিজ্ঞতা ও সার সংরক্ষণের গুদাম না থাকলেও শুধু রাজণৈতিক বিবেচনায় তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকৃত ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া। তার বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দিনাজপুরে নিয়োগ পেয়েছেন সরকারি কলেজের শিক্ষার্থী জয়িতা আক্তার জিনি। জিনি অন্নদানগর ইউনিয়ন বিএনপির সভাপতির মেয়ে। একই তালিকায় আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভির রাফসান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রার্থীদের অভিজ্ঞতা, গুদাম ও আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই হয়নি।
ঠাকুরগাঁওয়ে সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীরের বিষয়টিও আলোচনায় এসেছে। তিনি ৫ সেপ্টেম্বর দেশে ফিওে ছোট ভাইয়ের পরামর্শে ডিলারের জন্য আবেদন করেন, এর আগে সার ব্যবসার অভিজ্ঞতা তার ছিল না।
তবে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে উপজেলা কমিটি যাচাই-বাছাই করে সুপারিশ পাঠিয়েছে। মন্ত্রণালয় সে অনুযায়ী তালিকা চূড়ান্ত করেছে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
