logo

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস

আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস
ছবি: রেডিও ভেরিটাস এশিয়া

বিশ্বজুড়ে মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৬ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক সহনশীলতা দিবস। জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও মতের ভিন্নতা থাকলেও একে অপরকে সম্মান করার গুরুত্ব তুলে ধরা হয় এ দিবসে।

সহনশীলতা মানে শুধু অন্যের মত মেনে নেওয়া না, বরং ভিন্ন চিন্তা, বিশ্বাস ও জীবনধারার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

১৯৯৫ সালকে জাতিসংঘ সহনশীলতা বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। একই বছরের ১৬ নভেম্বর ইউনেস্কোর সদস্য দেশগুলো সহনশীলতার নীতিমালা ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে বৈচিত্র্যকে সম্মান করা। পাশাপাশি মানুষের মধ্যে বৈষম্য, বিদ্বেষ ও অসহিষ্ণুতা কমিয়ে আনা।

পৃথিবীর সব মানুষের ভাষা, ধর্ম, সংস্কৃতি, চিন্তাভাবনা ও জীবনযাপনের ধরন এক না। এই ভিন্নতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারলেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।

সহনশীলতা মানুষকে অন্যের মতামত শুনতে ও মতবিরোধের ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে শেখায়। এটি মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয় এ দিবসে। এর মূল বার্তা হলো ভিন্নতাকে সম্মান করা, বিদ্বেষ পরিহার করা আর পারস্পরিক সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা।