শ্বাসনালিতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
শ্বাসনালিতে দুধ আটকে তিন মাস বয়সি শিশুর মৃত্যু
মানচিত্রে চুয়াডাঙ্গা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শ্বাসনালিতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সি এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisement

শনিবার (২৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ভোরের দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধারণা করা হয়, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগে তার মৃত্যু হয়। শ্বাসনালিতে দুধ আটকে যাওয়ায় শিশুটি মারা গেছে।

মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষের কন্যা।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, রাত চারটার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। তখন দেখা যায় শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।