জিনের বাদশাহ সেজে লাখ টাকা আত্মসাৎ, স্বর্ণালংকার নিতে গিয়ে ধরা

জিনের বাদশাহ পরিচয়ে স্বর্ণমুদ্রা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। পরে আরও টাকা ও স্বর্ণালংকার নিতে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ধরা পড়েছেন চক্রের এক সদস্য।
রোববার (১৫ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
গ্রেপ্তার মজনু মিয়া (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহার আলী মোল্লার বাড়ি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়ায়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মজনু মিয়াসহ কয়েকজন প্রথমে ধর্মীয় কথাবার্তা বলে আজাহার আলীর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করেন। একপর্যায়ে নিজেদের জিনের বাদশাহ পরিচয় দিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলতে চান তারা। পরে একটি উট কোরবানি দেওয়ার জন্য দেড় লাখ টাকা দাবি করেন। বিনিময়ে সাত হাঁড়ি স্বর্ণমুদ্রা দেওয়ার প্রলোভন দেখান।
তাদের কথায় বিশ্বাস করে আজাহার আলী উপজেলা পরিষদ মসজিদের পেছনে একটি কড়ইগাছের নিচে গিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা দেন। এ সময় তার স্ত্রীর হাতে কাগজে মোড়ানো একটি পুতুল দেওয়া হয়। উট কোরবানি না হওয়া পর্যন্ত পুতুলটি খুলতে নিষেধ করেন প্রতারকেরা।
অভিযোগে আরও বলা হয়, পরদিন প্রতারকেরা আবারও টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তারা আজাহার আলীকে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে আসতে বলেন। তাদের কথামতো শনিবার বিকেলে স্ত্রীর গয়না নিয়ে উপজেলার একটি পুকুরপাড়ে কড়ইগাছের নিচে যান তিনি। সেখানে গয়না রেখে গেলে প্রতারকেরা তা নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় মজনু মিয়াকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যান।
এ ঘটনায় মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়েছে। মামলার অন্য দুই আসামি হলেন সাজু মিয়া (৪৫) ও মোস্তফা (২৫)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া এবং স্বর্ণালংকার নেওয়ার চেষ্টার ঘটনায় মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

