Advertisement

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, যশোর
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: এশিয়া পোস্ট

যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন থেকে তদারকির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

বিষয় :যশোর