যশোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

যশোরের বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাটির প্রধান ফটকের ভেতরে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনকালে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই যুবককে প্রধান ফটকের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপর তারা সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে কর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ব্যাংকের কর্মী ও পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





