‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ডের ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই

যশোরের মণিরামপুরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োজিত তিন কর্মীর কাছ থেকে সরকারি ট্যাব ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামের এক তথ্য সংগ্রহকারীকে পিটিয়ে আহত করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার কয়েক ঘণ্টা পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ছিনিয়ে নেওয়া তিনটি ট্যাব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ট্যাব ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে করে চলে যেতে দেখা যায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে বের হন আল মামুন। এ সময় মুঠোফোনে কল করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা বলে তাঁকে শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে চার ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে সঙ্গে থাকা সরকারি ট্যাবটি ছিনিয়ে নেন তাঁরা।
অন্যদিকে, একই ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় তথ্য সংগ্রহের কাজ করার সময় সোহাগ হোসেন ও বৈশাখী নামের অপর দুই কর্মীর অবস্থান জেনে মোটরসাইকেলে করে সেখানে যান দুই ব্যক্তি। পরে তাদের কাছ থেকে দুটি ট্যাব ছিনিয়ে নিয়ে চলে যান তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, তারা কেউ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন। তবুও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের ওপর হামলা এবং সরকারি সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্তরা স্থানীয় বিএনপির কর্মী-সমর্থক বলেও দাবি তাদের।
আহত আল মামুন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে একটি নম্বর থেকে কল করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাকে শাহাপুর গ্রামে ডাকা হয়। সেখানে পৌঁছালে চারজন আমাকে থামিয়ে পরিচয় নিশ্চিত করে বাঁশ দিয়ে পেটান এবং ট্যাবটি কেড়ে নেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তবে মামলার ঝামেলায় জড়াতে চাচ্ছি না।
অপর ভুক্তভোগী সোহাগ হোসেন বলেন, আমি ও বৈশাখী পাশাপাশি বাড়িতে কাজ করছিলাম। ফোনে আমাদের অবস্থান জেনে দুজন মোটরসাইকেলে এসে ট্যাব দুটি কেড়ে নেন। তাদের একজনের নাম আবদুল হান্নান বলে জানতে পেরেছি। কাজের পূর্ণ নিরাপত্তা পেলে আমরা আবার কাজে ফিরব।
মশ্মিমনগর ইউনিয়নে তথ্য সংগ্রহ কাজের সুপারভাইজার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন জানান, ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা হয়। পরে সেগুলো উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় কিছু লোক এই তিনজনকে আওয়ামী লীগ পরিবারের সদস্য ভেবে ক্ষুব্ধ ছিলেন। তবে যারা ট্যাব কেড়ে নিয়েছেন, তারা বিএনপির কোনো দায়িত্বশীল পদে নেই, কর্মী-সমর্থক মাত্র।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ট্যাব তিনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন। বিষয়টি তিনি দেখছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

-2a2987.jpg)



