এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র, নেপথ্য কী

পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র। এতে চরম সংকটে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ী, হোটেল-কটেজ মালিক, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট হাজারো মানুষ।
এদিকে পর্যটনের এই ভরা মৌসুমেও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে নেই পর্যটকদের আনাগোনা। আয় বন্ধ হয়ে যাওয়ায় ঋণের কিস্তি, সংসারের খরচ ও কর্মচারীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সংশ্লিষ্টদের।
সাজেককে ঘিরে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের বিরোধ ও অনির্দিষ্টকালের অবরোধে কার্যত স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। সাজেকের সঙ্গে খাগড়াছড়ির পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসার সরাসরি সম্পৃক্ততা থাকায় এর প্রভাব পড়েছে পুরো জেলায়। পর্যটক না আসায় হোটেলগুলো প্রায় ফাঁকা, কটেজগুলো পড়ে আছে পরিত্যক্তের মতো। অন্যদিকে সাজেক রুটে চলাচলকারী জিপ, মাহিন্দ্র ও সিএনজিচালকরা দীর্ঘদিন গাড়ি চালাতে না পেরে বিপর্যস্ত জীবন যাপন করছেন।
খাগড়াছড়ি-সাজেক রুটে জিপচালক মো. সোহেল রানা জানান, কিস্তিতে গাড়ি কিনেছিলেন তিনি। এখন চালাতে না পেরে কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। গাড়ি না চালালেও খরচ থেমে নেই। নিরাপত্তার কারণে গাড়ি পার্কিং নিয়েও দুশ্চিন্তা রয়েছে। খাগড়াছড়িতে এর মধ্যে কয়েকটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আতঙ্কিত মালিকরা। আমার একমাত্র রুটি-রুজির মাধ্যম হলো এই গাড়িটি। সাজেক দ্রুত খুলে দেওয়া হলে অন্তত আয়-রোজগারের পথ ফিরে পাব।
মাহিন্দ্রচালক মো. রাসেল জানান, এক মাসের বেশি সময় গাড়ি চালাতে না পেরে ঋণের কিস্তি ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ছেলে-মেয়েদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার। সাজেক পর্যটন কেন্দ্র খুলে না দিলে তার পরিবার অসহায় অবস্থায় পড়ে যাবে বলে জানান তিনি।
সাজেক কাউন্টারের পাশে চা বিক্রি করেন মো. রফিকুল ইসলাম। মাসখানেক আগেও চা বিক্রিতে এত ব্যস্ত সময় কেটেছে তার, আলাপ করারও তেমন ফুরসত ছিল না। সাজেক বন্ধ হওয়ায় এখন বেচাবিক্রি নেই। নেই মানুষের আনাগোনা। রফিকুল বললেন, সারা দিন ১০ কাপ চা-ও বিক্রি করতে পারি না। তার ওপর দোকান ভাড়া, সংসার খরচ, আমার ওষুধ খরচ- সব মিলিয়ে আমি টানাপোড়নের মধ্যে পরে গেছি। এই বয়সে পারছি না আর কোনো কাজ করতে। সাজেকটা যদি খুলে দেয় তাহলে আমাদের জন্য ভালো হতো।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের ব্যবস্থাপক মো. আরিফ জানান, সাজেক চালু থাকলে প্রতিদিন অন্তত ১০০টি জিপগাড়ি পর্যটক নিয়ে যেত। প্রতিটি জিপগাড়ির ভাড়া ছিল ১২ হাজার টাকা। প্রতিদিন শুধু জিপগাড়িতে অন্তত আমাদের ১২ লাখ টাকার লেনদেন হতো। পাশাপাশি তিন শতাধিক সিএনজি ও মাহিন্দ্রচালক এ রুটে জীবিকা নির্বাহ করতেন। চালকদের পাশাপাশি গাড়ির সহকারী ও তাদের পরিবারও এখন সংকটে পড়েছে। দীর্ঘদিন গাড়ি চলাচল বন্ধ থাকায় এসব শ্রমজীবী মানুষের জীবনযাপন মানবেতর হয়ে উঠেছে।
বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য ও এফঅ্যান্ডএফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উজ্জ্বল দে বলেন, সাজেক প্রায় ৩৮ দিন ধরে বন্ধ থাকায় পর্যটক আসছেন না খাগড়াছড়িতেও। সাজেকে কটেজগুলো খালি পড়ে আছে। পর্যটন মৌসুমে দিনে তাদের কটেজে ৮৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বুকিং থাকলেও এখন কোনো আয় নেই। কর্মচারীদের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে।
খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন সংগঠন দুটি পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু গ্রুপের) সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের জন্য সাজেক রুটে অবরোধে প্রায় স্থবির হয়ে পড়েছে পর্যটন কেন্দ্র সাজেক। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের লড়াই এ আমাদের ব্যবসার এখন দুরাবস্থা। পর্যটনের এই মৌসুমে শুধু খাগড়াছড়িতে প্রতিদিন প্রায় এক কোটি টাকার লেনদেন হতো। সাজেক বন্ধ থাকায় পর্যটকরা আসছেন না খাগড়াছড়িতে। হোটেলগুলো প্রায় ফাঁকা।
লোকসান সামাল দিতে গিয়ে অনেক ব্যবসায়ী এখন হোটেল বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি।

খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের তত্ত্বাবধায় কান্তি বিকাশ ত্রিপুরা জানান, পর্যটনের এই সময়ে আগে অন্তত সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিনগুলোতে জেলার বাইরের পর্যটকের চাপ থাকত। স্বাভাবিক বাকি দিনগুলোতে গড়ে ৫০০ থেকে ৬০০ পর্যটক হতো। কিন্তু বর্তমানে সাজেক বন্ধ থাকায় খাগড়াছড়িতে পর্যটক আসছে না। যার কারণে আমাদের পার্কে পর্যটকদের পদচারণা কমে গেছে বলা চলে। আমাদের পার্কে পর্যটকদের কথা চিন্তা করে জিপ লাইন এবং জায়ান্ট সুইং নতুন দুটি সংযোজন করা হয়েছে। তবুও পার্কে পর্যটকের তেমন কোনো সাড়া মিলছে না।
সাজেক পর্যটন কেন্দ্র দ্রুত খুলে না দিলে অদূর ভবিষ্যতে খাগড়াছড়ি তথা সাজেক পর্যটক শূন্য হয়ে পড়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, পর্যটনের এই মৌসুমে সাজেক এ অন্তত প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার লেনদেন হতো। এর সুফল হোটেল, কটেজ, রেস্তোরাঁ থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট সাজেকের ব্যবসায়ীরা পেত। কিন্তু এখন পর্যন্ত সাজেকে অনির্দিষ্টকাল পর্যন্ত অবরোধে সাজেক জনমানব শূন্য হয়ে পড়েছে। আমরা মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিছুটা আশ্বাস পেলেও স্থায়ী সমাধানের কোনো বাস্তবতা চোখে পড়ছে না আমাদের।
সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসনের ট্রেজারি কার্যক্রমের নতুন ভবন উদ্ধোধনে আসেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি সাংবাদিকদের জানান, সাজেক নিয়ে আমাদের প্রতিনিয়ত আলোচনা চলছে। বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করছি আমরা। এটা নিয়ে বিভাগীয় পর্যালোচনাও চলছে। সাজেক থেকে জেএসএস সমর্থিত সন্তু লারমা গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আশা করি অতি দ্রুত সমাধান হবে। এই বিষয়টি নিয়ে সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সংসদীয় আসনের এমপিরা অবরোধ ডাকা সংগঠন দুটির সঙ্গে বৈঠকে বসেছিলেন। আশা করছি পর্যটন কেন্দ্র সাজেক আবারও পুনরায় চালু হবে। পর্যটনকেন্দ্র চালু করা গেলে এই অঞ্চলের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে।
আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকাল বন্ধ থাকায় শুধু পর্যটন ব্যবসাই নয়, বিপাকে পড়েছেন এর সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবার। দীর্ঘস্থায়ী এই অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে খাগড়াছড়ি-সাজেক পর্যটন শিল্পে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা পর্যটন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।







