logo

পিরোজপুর/মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক, জেলা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে কিছু লোকের গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এ ছাড়া বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। যদি কারও কোনো আপত্তি থাকে, তবে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ছিলেন মানিক পশারী।