logo

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কক্সবাজারের মহেশখালীতে সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। এর মধ্যে ইকবাল সৌদি আরব প্রবাসী; কয়েক দিন আগে তিনি দেশে আসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে তিন আরোহীই গুরুতর আহত হন।

নিহতদের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।

রিদুয়ান আরও জানান, আহত শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ একজনের সুরতহাল প্রতিবেদন করলেও আরেকজনের মরদেহ চকরিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। যেহেতু এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করাতে চাচ্ছে না। লিখিত আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।