logo

গুজব ছড়ানোর দুই দিন পর সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

গুজব ছড়ানোর দুই দিন পর সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
পুড়ে যাওয়া নথি ও ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের গুজব ছড়ানোর মাত্র দুই দিনের মাথায় এবার সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে জোনাল অফিসারের গাড়ির আংশিক ক্ষতিসহ বেশকিছু জরুরি কাগজপত্র পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে এ আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।

জোনাল অফিসার আবুল হোসেন জানান, দুই দিন আগে এআই দিয়ে তৈরি গ্রামীণ ব্যাংকের ভুয়া ছবি-ভিডিও দিয়ে কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু রোববার ভোরে পাহারাদারের ফোনে খবর পেয়ে তিনি কর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস জানায়, তাদের দল পৌঁছানোর আগেই কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান এশিয়া পোস্টকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।