logo

নেত্রকোনায় চার দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু

নেত্রকোনায় চার দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু
কুলসুমা আক্তার। ছবি : পরিবারের কাছ থেকে নেওয়া

নেত্রকোনা পৌর শহরের মঈনপুর এলাকা থেকে কুলসুমা আক্তার (১০) নামের এক শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বড় বোনের ভাড়া বাসার সামনে থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির হদিস পাননি। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

কুলসুমা নেত্রকোনা সদর উপজেলার বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পতির মেয়ে। শুক্রবার সে শহরের ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকায় বড় বোন পলি আক্তারের ভাড়া বাসায় বেড়াতে যায়। বিকেলে বাসার সামনে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, কুলসুমা নিখোঁজ হওয়ার পর প্রথমে স্বজনেরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে সম্ভাব্য বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িসহ নানান জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। চার দিন ধরে শিশুটির কোনো খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগের মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।

কুলসুমার অপর বড় বোন ডলি আক্তার বলেন, আম্মা ঢাকায় থাকেন। আমার ছোট বোন পলির মঈনপুরের ভাড়া বাসায় শুক্রবার বেড়াতে গিয়েছিল কুলসুমা। বিকেলে বাসার সামনে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি। কোনো উপায় না পেয়ে থানায় জিডি করেছি। চার দিন হয়ে গেল, এখনো তার সন্ধান না পাওয়ায় আমরা খুব চিন্তিত।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং শিশুটিকে দ্রুত উদ্ধারে পুলিশ কাজ করছে।