logo

৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪

৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৪
জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তারকৃত চারজন। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। বিজিবির দাবি, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও মো. কামাল হোসেনকে (৬০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের আরও দুই সদস্য মো. হামিদুর রহমান (৬২) ও মো. জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান, অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন, জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যমতে, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল।

উদ্ধার করা মূর্তিসহ গ্রেপ্তার চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।