logo

সন্ধ্যার পর কারফিউ চান কেসিসি প্রশাসক মঞ্জু

সন্ধ্যার পর কারফিউ চান কেসিসি প্রশাসক মঞ্জু
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিহত বিএনপি নেতা জাকির হোসেনের বাড়িতে যান ও নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ছবি : কেসিসির সৌজন্যে

খুন, চাঁদাবাজি ও মাদকের বিস্তারে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তার দাবি, কয়েকটি সন্ত্রাসী গ্রুপের হাতে নগরীর ১৪ লাখ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর খুলনায় কারফিউ জারি, নিয়মিত যৌথ বাহিনীর অভিযান এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) খুলনার রূপসায় গুলিতে নিহত বিএনপি নেতা মো. জাকির হোসেনের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জাকির হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেন মঞ্জু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার সদর ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ইট-বালুর ব্যবসায়ী।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, সন্ধ্যার পর খুলনায় কারফিউ জারি করতে। প্রধানমন্ত্রীকেও বলব, খুলনায় যেন নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চলে।

জাকির হোসেন। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া
জাকির হোসেন। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

বিএনপি নেতা জাকির হোসেনকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঞ্জু বলেন, ‘আমরা সবাই আমাদের প্রিয় কর্মী জাকিরের জানাজায় উপস্থিত হয়েছি। রাতে যখন সংবাদটি পেলাম, তখন সবাই খুবই মর্মাহত হয়েছি। একজন আন্দোলনের কর্মী এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবেন, এটা আমরা ভাবতে পারিনি। একজন ত্যাগী কর্মীকে মাথায় পিস্তল ঠেকিয়ে দুটি গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা হাসপাতালে গিয়ে জানতে পেরেছি, তার মাথার একটি গুলি এপাশ থেকে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে, আরেকটি ঘিলুর মধ্যে আটকে ছিল। আমাদের প্রিয় জাকিরকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে আমাদের আট থেকে দশজন কর্মীকে হত্যা করা হয়েছে।’

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মঞ্জু বলেন, গত আড়াই বছরে খুলনা জেলা ও মহানগরীতে ২০০টি খুন হয়েছে। মাদকের ব্যাপক প্রসার ঘটেছে। সবাইকে চাঁদা দিতে হচ্ছে। তার দাবি, খুলনার ১৪ লাখ মানুষ কয়েকটি গ্রুপের হাতে জিম্মি হয়ে পড়েছেন।

সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা মানুষকে জিম্মি করে, হত্যা করে, চাঁদা আদায় করে, তাদের সমাজ থেকে তুলে নেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা একটু সাহসী হোন, কেউ ভয় পাবেন না। আমাদের প্রতিবাদ করতে হবে, পুলিশকে সহায়তা করতে হবে, মামলা করতে হবে। প্রয়োজনে প্রত্যেকটি এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশে মঞ্জু বলেন, এলাকার পাহারা জোরদার করতে হবে, মোবাইল পুলিশ পাঠাতে হবে এবং ক্যাম্প প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে সাহস দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে কেউ নিরাপদ থাকবেন না।

জাকির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা দায়ের এবং হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মঞ্জু বলেন, ‘এই পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের দলের। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, তার স্ত্রীর পেটে আরও ছয় মাসের একটি সন্তান রয়েছে। যে ভূমিষ্ঠ হওয়ার পর তার পিতাকে আর দেখবে না। এমন একটি মর্মান্তিক ঘটনা যে খুনি ঘটিয়েছে, তার যেন দ্রুত শাস্তি হয়, সেটাই আমরা চাই।’

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এশিয়া পোস্টকে বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের কেউ মামলা করতে থানায় আসেননি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র বলেন, প্রত্যেকটি সন্ত্রাসী গ্রুপকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে নিয়মিত চেকপোস্ট বসানো এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশের জনবলও বাড়ানো হয়েছে। সব বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কি না, সেটি নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে কথা বললে তদন্তের গোপনীয়তা নষ্ট হবে। অপরাধীদের নির্মূলে খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার সরাসরি তত্ত্বাবধান করছেন। নিয়মিত অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। কাগজপত্রবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

রূপসা থানার ওসি মাসুম খান এশিয়া পোস্টকে বলেন, দুর্বৃত্তরা জাকিরের মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এশিয়া পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাকির আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এ কারণে প্রতিপক্ষ কোনো পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক কোনো বিরোধ ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। এ দুটি বিষয় সামনে রেখেই হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট