খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল

গোপালগঞ্জে সহিংসতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের শুক্রবারের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়।
খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
এদিকে, যাত্রা বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনা যাত্রীদের নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে এবং কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীদের সংশ্লিষ্ট কাউন্টারে টিকিট জমা দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে বলা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, যাত্রা বাতিলের বিষয়টি জানিয়ে যাত্রীদের ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে বার্তাও পাঠিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।





