logo

কুমিল্লায় নিজ এলাকায় বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

কুমিল্লায় নিজ এলাকায় বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
বিএনপি নেতা মোশাররফ হোসেন ভূইয়া। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ তুলে এ ঘোষণা দেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে দেবীদ্বারের এলাহাবাদ বাজারে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

ভিডিও বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, গত ৩ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঢাকার গুলশানের বাসভবনে বিএনপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী লাঞ্ছিত ও মারধর করেছেন বলে তারা দাবি করেন।

তাদের আরও অভিযোগ, বিএনপির দুঃসময়ে নজরুল ইসলাম সরকার দীর্ঘদিন দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। ১৯৯১ সাল থেকে তিনি দেবীদ্বারে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত ১৭ বছর দলীয় আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে নিজস্ব অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে একজন প্রবীণ বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার এবং দেবীদ্বারের এলাহাবাদ ইউনিয়নসহ নিজ এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হয়।

এ বিষয়ে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে পরে আমি ব্রিফ করব। এখন আপাতত কিছু বলতে চাচ্ছি না।