হাতকড়াসহ পালানো যুবলীগ নেতাকে ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়া যুবলীগের এক নেতাকে ১৪ ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোশারফ হোসেন ওরফে মস্তফা। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায়। তিনি ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মোশারফকে গ্রেপ্তার করে হাকিমপুর থানা-পুলিশ। পরে তার এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে থানায় নেওয়া হয়। থানায় পিকআপ থেকে নামানোর সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার বিকেল ৩টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী থেকে হাতকড়াসহ তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।