ঐতিহ্য তুলে ধরতে রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন মেলা শুরু

স্থানীয় উদ্যোক্তাদের পণ্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে রাঙামাটিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পর্যটন ও উদ্যোক্তা মেলা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরছেন উদ্যোক্তারা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, নারী উদ্যোক্তাদের সহায়তা দেওয়া এবং তাদের সৃজনশীল উদ্যোগ ও স্থানীয় পণ্য বিশ্বদরবারে তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন ও শাশ্বত চাকমা, এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা।
