বরগুনায় এলজিইডি কার্যালয়ে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে আমতলী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা এলজিইডির হিসাবরক্ষণ শাখায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।
আমতলী এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, রাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত এলজিইডির হিসাব শাখার কক্ষের পেছনের একটি জানালার লক ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরে ওই জানালা খুলে ভেতরে থাকা একটি কাঠের চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। তবে চেয়ারের ওপর থাকা একটি তোয়ালের কিছু অংশ পুড়ে আগুন নিভে যায়। এতে চেয়ারটিতে আগুনের দাগ এবং তোয়ালের কিছু অংশ পুড়ে যাওয়া ছাড়া বড় ধরনের আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সকালে হিসাব শাখার ওই কক্ষটি খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান। পরে তিনি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, আমরা সকালে দেখেছি, একটি চেয়ারের ওপর আগুন লেগেছিল। অফিসের সামনের দিকে সিসি ক্যামেরা আছে, কিন্তু পেছনের দিকে নেই। কী ঘটনা ঘটেছে, তা বলতে পারছি না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কেও অবগত করা হয়েছে।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।