logo

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা দেড় শতাধিক যান

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ, দুই প্রান্তে আটকা দেড় শতাধিক যান
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরির কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক যানবাহন।

ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম নিহত হওয়ার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরিটির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। তাদের অভিযোগ, দুর্ঘটনার জন্য মাস্টারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চালানোর কথা জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে যান। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই তরিকুল নিহত হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডের চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনার সময় ফেরির মাস্টার বাল্কহেডটিকে একাধিকবার সতর্ক করেছিলেন। এরপরও বাল্কহেডটি ফেরিকে ধাক্কা দেয়। তাদের অভিযোগ, নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও মাস্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, আমাদের ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। অথচ নৌ পুলিশকে একাধিকবার বলার পরও আমাদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। যে ছেলেটি মারা গেছে, তার পরিবারও কোনো অভিযোগ করেনি। তারা বলেছে, ভুল ছিল বাল্কহেডের। এরপরও পুলিশ আমাদের মাস্টারকে ধরে নিয়ে গেছে। মাস্টারকে ছেড়ে না দিলে সারাদেশে ফেরি চলাচল বন্ধের ডাক দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, আমাদের ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। গতকাল চ্যানেলে ঢোকার মুহূর্তে অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও তারা ফেরিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, এই রুটে বিআইডব্লিউটিসির কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতির ডাক দিয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যাতে দ্রুত সমস্যা সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করা যায়।

ট্রাকচালক সাগর বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদেরও বড় ধরনের লোকসান গুনতে হবে।

বাসচালক জলিল বলেন, আমরা যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। এখানে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছি। আগে জানলে এই রুটে আসতাম না। এখন পদ্মা সেতু হয়ে ঘুরে যাওয়াও সম্ভব নয়। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করা হোক।

যাত্রী ছলেমান বলেন, ফেরি বন্ধ থাকায় অনেকক্ষণ ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যারা যাচ্ছেন, তারাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত ফেরি চালু করা দরকার।

এদিকে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, আমরা প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করেছি। এই দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালকের দায় রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিটা তদন্ত করা হচ্ছে।

ফেরি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মবিরতির বিষয়ে আমরা বলতে পারব না।