logo

ময়মনসিংহ বিভাগে অধিকাংশ সার ডিলার বিএনপি নেতাদের স্ত্রী-সন্তান ও ভাই

ময়মনসিংহ বিভাগে অধিকাংশ সার ডিলার বিএনপি নেতাদের স্ত্রী-সন্তান ও ভাই
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন সার ডিলার নিয়োগে ব্যাপক দলীয়করণ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। নীতিমালা ও স্বচ্ছতার তোয়াক্কা না করে দলীয় বিবেচনায় লাইসেন্স বণ্টনের ঘটনায় শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বিভাগের ৩৭৭ জন নতুন ডিলারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ২৬৪ জন বা প্রায় ৭০ শতাংশই বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জন ডিলার নিয়োগ পেয়েছেন। বাকি ১০৭ জনের রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া যায়নি।

শেরপুর জেলায় বিএনপি-সংশ্লিষ্ট ডিলারের হার সবচেয়ে বেশি, ৯৪ দশমিক ৬৪ শতাংশ। জামালপুর জেলায় মোট ৭৬ জন নতুন ডিলারের মধ্যে ২৪ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। বাকি ৫২ জনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এই জেলার ডিলারদের বড় একটি অংশে রয়েছেন পদধারী বিএনপি নেতাদের পাশাপাশি তাদের স্ত্রী ও নিকটাত্মীয়রা।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজরুল কবির মঞ্জুর স্ত্রী রোকসানা কবির পেয়েছেন ‘মেসার্স রুহানী স্টোর’ এবং পৌর বিএনপির সভাপতি মনোয়ার হালদারের স্ত্রী খাদিজা পারভীন পেয়েছেন ‘মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ। এ ছাড়া বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের ছেলে রইসুল ইসলাম, ৫ নম্বর জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের ভাই ফারুকুর রহমান এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের ভাগিনা খন্দকার আবুল খায়ের মোহাম্মদ ফয়সাল ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

নেত্রকোনা জেলায় মোট ৮৯ জন ডিলারের মধ্যে বিএনপি-সংশ্লিষ্ট ডিলার রয়েছেন ৪২ জন। একজন আওয়ামী লীগের এবং বাকি ৪৬ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এই জেলায় দলীয় পদধারী নেতা ও তাদের স্বজনদের ডিলারশিপ দেওয়ার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এর মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা শামীম পেয়েছেন ‘মেসার্স ইয়ান এন্টারপ্রাইজ’-এর লাইসেন্স।

এ ছাড়া পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারের স্ত্রী মনিরা আক্তার, দুর্গাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণির ছেলে আল ইবনুন নাফিস, একই উপজেলার সাংগঠনিক সম্পাদক জামাল মাস্টারের ভাই মো. জুলহাস উদ্দিন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের স্ত্রী মোসা. শারমিন সুলতানা এবং আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরীর ছেলে মাহি চৌধুরী ডিলার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

ময়মনসিংহ জেলায় ১৫৬ জন নতুন ডিলারের মধ্যে ১৪৭ জনই বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। সাধারণ ডিলার রয়েছেন মাত্র ৯ জন। এই জেলার ডিলারদের বড় একটি অংশজুড়ে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও তাদের স্বজনদের আধিপত্য।

ডিলারশিপ পাওয়া শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ‘মেসার্স হেলাল এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ। এ ছাড়া দক্ষিণ গফরগাঁও পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দীন মোহাম্মদের স্ত্রী বিলকিস আক্তার পেয়েছেন ‘দীন ইসলাম এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ। গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্যের চাচাতো শ্যালক মো. সোহেল রানা পেয়েছেন ‘সেলিম ট্রেডার্স’-এর ডিলারশিপ।

এ ছাড়া ধোবাউড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতার স্ত্রী মোসা. তাজমহল বেগম পেয়েছেন ‘মেসার্স তারেক এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ। তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়কের ছেলে মো. মাগফুরুল আলম পেয়েছেন ‘তালুকদার এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ। মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের ভাই আতাহার উদ্দিন তালুকদার রিপন পেয়েছেন ‘মেসার্স আলবার ইন্টারন্যাশনাল’-এর ডিলারশিপ।

শেরপুর জেলায় ৫৬ জন নতুন ডিলারের মধ্যে ৫৩ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত, যা শতাংশের হিসাবে প্রায় ৯৫ শতাংশ। বাকি তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই জেলায় দলীয় পদধারী এবং মন্ত্রী-নেতাদের স্বজনদের ডিলার বানানোর অভিযোগ উঠেছে।

জেলা সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের স্ত্রী মোসা. তাবাসসুম তাহমিনা পেয়েছেন ‘তৌফিক ট্রেডার্স’-এর ডিলারশিপ। এ ছাড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হযরত আলীর ছেলে ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সহোদর ভাই মো. রেজুআন ইয়াসার পেয়েছেন ‘মেসার্স সেলারেভইন এগ্রো এন্ড ট্রেডিং কর্পোরেশন’-এর ডিলারশিপ।

শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল রহিম দুলালের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার তারানা পেয়েছেন ‘মেসার্স সিলখি ট্রেডার্স’-এর ডিলারশিপ। শেরপুর-৩ আসনের সংসদ সদস্যের সহোদর ভাই মাহমুদুল হক পেয়েছেন ‘মেসার্স হক ব্রাদার্স’-এর ডিলারশিপ। ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের স্ত্রী জেসমিন রহমান পেয়েছেন ‘মেসার্স রহমান ট্রেডার্স’-এর ডিলারশিপ। আর নকলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তারের ছেলে ইশতিয়াক আহমেদ উৎস পেয়েছেন ‘মেসার্স উৎস এন্টারপ্রাইজ’-এর ডিলারশিপ।