logo

কৃষককে পিটিয়ে ২০ মণ ধান লুটের অভিযোগ, ইউপি সদস্য আটক

কৃষককে পিটিয়ে ২০ মণ ধান লুটের অভিযোগ, ইউপি সদস্য আটক
আটক নূরনবী সরকার। ছবি : এশিয়া পোস্ট

জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট এবং আরও ১০ মণ ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত কৃষকের নাম তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি উপজেলার দুধাইল গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেলিহার এলাকায় নিজের জমিতে দিনমজুর দিয়ে আমন ধান কাটাচ্ছিলেন সাকিব। এ সময় পূর্বশত্রুতার জেরে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার ওরফে কিডনি নূরনবীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে ধান কাটায় বাধা দেন। এ সময় তারা গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গালিগালাজে নিষেধ করলে নূরনবী তাকে হত্যার নির্দেশ দেন। একপর্যায়ে রেজাউল ইসলাম লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে সাকিব ডান হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত জখম হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে আপেল মাহমুদ মিন্টু, সাইফুল ইসলাম ও কনক তাকে লাথি ও ঘুষি মারেন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রায় ১০ মণ ধান নষ্ট করেন এবং ২০ মণ ধান নিয়ে যান। লুট হওয়া ধানের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় নূরনবী ও রেজাউল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

কালাই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জমিজমা নিয়ে দুপক্ষের বিরোধ দেখা যায়। পরিস্থিতি শান্ত করে আপস-মীমাংসার চেষ্টা করা হলে স্থানীয় ইউপি সদস্য নূরনবী তাতে বাধা দেন। এ কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তাকে আটক করা হয়েছে।

নূরনবী সরকার ওরফে কিডনি নূরনবীকে ঘিরে কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মানবপাচার ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ কর্মকর্তাদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।