রাতভর কাটা হয় চিত্রা নদীর মাটি, যায় ইটভাটায়

ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী চক্র। পরে ট্রাক্টরযোগে এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়। নদীর পানি কমে যাওয়ায় একটি সংঘবদ্ধ চক্র এ কার্যক্রম চালিয়ে আসছে। নদী থেকে কেটে নেওয়া মাটি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটা ও অন্যত্র বিক্রি করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত একের পর এক ট্রাক্টর চলাচলের কারণে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, জামাল বিশ্বাস নামের এক ব্যক্তির মাধ্যমে স্থানীয় মর্ডান ইটভাটার জন্য প্রায় ২০০ ট্রাক্টর মাটি কেনা হয়েছে। এ ব্যবসার সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে জানিয়েছেন তারা।
এছাড়া স্থানীয় আব্দুল মজিদ, মহিলা ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেন জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা।
অভিযোগের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি বলেন, তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মাটি কাটার ব্যবসার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, তিনি কখনই মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় একটি মহল তার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটার ঘটনা ঘটলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান।