logo

থানার ভেতর পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থানার ভেতর পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সীতাকুণ্ড মডেল থানা চত্বরে থমথমে পরিস্থিতি ও উপস্থিত পুলিশ সদস্য ও উৎসুক জনতা। ইনসেটে অভিযুক্ত উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেন। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার ভেতরে মো. শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরই ইসমাইলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা চত্বরে মোটরসাইকেল পার্কিং নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে মোটরসাইকেল রাখা নিয়ে কর্তব্যরত কনস্টেবল মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইলের হামলায় কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। বিষয়ে মন্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।