logo

বরিশাল বিভাগে ২৮৫ সার ডিলারের ২০৯ জনই বিএনপি-সংশ্লিষ্ট

বরিশাল বিভাগে ২৮৫ সার ডিলারের ২০৯ জনই বিএনপি-সংশ্লিষ্ট
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৮৫ জন সার ডিলারের তথ্য হাতে এসেছে এশিয়া পোস্টের। এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, সারা দেশের ধারাবাহিকতায় দলীয় বিবেচনায় ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। বিভাগের মোট ২৮৫ জন সার ডিলারের মধ্যে ২০৯ জনই বিএনপি-সংশ্লিষ্ট, যা মোট নিয়োগের ৭৩ দশমিক ৩৩ শতাংশের বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল জেলায় ৮৯ জন ডিলারের মধ্যে ৭২ জন, ভোলায় ৫০ জনের মধ্যে ৪৯ জন, পিরোজপুরে ৪৬ জনের মধ্যে ৪২ জন, ঝালকাঠিতে ৩৪ জনের মধ্যে ২৩ জন, বরগুনায় ৪৪ জনের মধ্যে ১৮ জন এবং পটুয়াখালীতে ২২ জনের মধ্যে ৫ জন বিএনপি নেতাকর্মী ও তাদের নিকটাত্মীয়রা নতুন নিয়োগ পাওয়া সার ডিলারের তালিকায় রয়েছেন।

এ ছাড়া পুরো বিভাগে আওয়ামী লীগের ১৯ জন, জামায়াতে ইসলামীর সমর্থক ৪ জন এবং এনসিপির ২ জন ডিলারশিপ পেয়েছেন। তবে ৫১ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

বরিশাল বিভাগের পাঁচটি জেলার ডিলার তালিকা বিশ্লেষণে দেখা যায়, জেলাগুলোতে পদে থাকা একাধিক বিএনপি নেতা, তাদের স্ত্রী ও সন্তানরা সরাসরি সার ডিলারশিপ পেয়েছেন।

বরিশাল সদরে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওয়াসিম, চন্দ্রমোহনের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উজিরপুরের জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলুর চাপরাশি ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ ও নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাওহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাওলাদার, বেতাগীর মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ মিরাজ এবং ভোলা জেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর ভাগিনা আ. হাই সার ডিলারশিপ পেয়েছেন।

এদিকে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীরও ডিলারশিপ পেয়েছেন। পাশাপাশি বিএনপি নেতাদের স্ত্রী ও সন্তানরাও ডিলারশিপ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শাহাদাত হোসেন, গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল সরদারের স্ত্রী নীনা বেগম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের জামাতা নেয়ামুল ইসলাম, হিজলার ধূলখোলা এলাকার সাবেক বিএনপি নেতা হারুন বিশ্বাসের ছেলে রাকিব, পিরোজপুরের মঠবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মিলন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সগির মীরের স্ত্রী হোসনেয়ারা বেগম। এ ছাড়া আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল ফকিরের জামাতা মো. জোবায়দুল ইসলামও সার ডিলারশিপ পেয়েছেন।

সার ডিলারশিপ পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মী

রাজনৈতিক পটপরিবর্তনের পরও বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ ও বিগত সরকারের দল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ডিলার হিসেবে বহাল থাকা এবং নতুন নিয়োগ পাওয়ার তথ্য মিলেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ কর্মী থেকে বিএনপিতে যোগ দেওয়া আমিনুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

এ ছাড়া বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।