সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন: আরিফুল হক

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন: আরিফুল হক
সিলেট বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট নিউজ

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’। একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.) মাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতেও সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরিফুল হক। এ সময় প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার চার দিনের সফরে সিলেট আসেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। সিলেট আসার পর বিমানবন্দরে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ‘উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’

মন্ত্রী বলেন, এই ধরনের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করব। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বদলির বিষয়টা রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এই ইস্যুর আগে বা পরেও হতে পারত। কাকতালীয়ভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেছে।

সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনা সিলেটের পাঁচ প্রবাসী নিহতের বিষয়ে মন্ত্রী বলেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। নিহতদের পরিবারকেও সব ধরনের সহযোগিতা করা হবে।

মন্ত্রী জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চিকিৎসা, নিরাপত্তা ও বিশ্রামাগারসহ নানা সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

গত ১৮ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের তিনটি ডেগ সিলগালা করে দেয় জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

তবে এ নিয়ে মাজার সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তারা মাজারে প্রশাসনিক হস্তক্ষেপের নিন্দা জানান। এ নিয়ে সমালোচনার মধ্যে রোববার (২১ জুন) জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার এই হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ জানিয়ে রোববার ও সোমবার সিলেটে বিক্ষোভ করা হয়।

সিলেট ছাড়ার আগে সোমবার তড়িঘড়ি করে মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগ নেন সারওয়ার আলম। সোমবার ইতিহাসের প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারের টাকা প্রকাশ্যে গণনা হয়। এতে চার দিনে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা পাওয়া যায়।

বিষয় :সিলেট