সিলেট বিভাগে ৮০ শতাংশের বেশি সার ডিলার বিএনপি-সংশ্লিষ্ট

সিলেট বিভাগের ৫৪ শতাংশ কৃষকই ভূমিহীন ও প্রান্তিক পর্যায়ের। দরিদ্র এসব কৃষকের চাষাবাদের জন্য সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি বিভাগের চার জেলায় সার ডিলারদের চূড়ান্ত নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার ২২৮ জন সার ডিলারের তথ্য এসেছে এশিয়া পোস্টের হাতে।
এসব তথ্য বিশ্লেষণে দেখা যায়, সারা দেশের মতো দলীয় বিবেচনায় ৮৫ শতাংশের বেশি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি দল বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তিরাই পেয়েছেন ৮ শতাংশের বেশি ডিলারশিপ। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাও ডিলার নিয়োগ পেয়েছেন ৯ জন। একজন জামায়াত কর্মীও ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। ৩৪ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দীর্ঘদিনের ব্যবসায়ীরা আবেদন করেও ডিলারশিপ পাননি। কিন্তু কোনো অভিজ্ঞতা বা সংরক্ষণাগার না থাকা সত্ত্বেও ডিলার হয়েছেন বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
নেতা ও স্বজনদের হাতেও ডিলারশিপ
তালিকা বিশ্লেষণে দেখা যায়, শুধু বিএনপির পদধারী নেতারাই নন, তাদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যেও অনেকে সার ডিলারশিপ পেয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে বিএনপি নেতা মো. আক্কাছ খান অপুর খান ট্রেডার্স, যুবদল নেতা ইমরান হোসেনের ইমরাম কবার এন্ড টেলিকম, যুবদল নেতা সেলিম উদ্দিনের নওশিন ট্রেডার্স, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বিএনপি নেতা মো. আফাজ উদ্দিনের ফারহান এন্টারপ্রাইজ ডিলারশিপ পেয়েছে।
অন্যদিকে, বিএনপি নেতাদের স্বজনদের মধ্যেও ডিলারশিপ পেয়েছেন অনেকে। তাদের মধ্যে ফাইজা এন্টারপ্রাইজের মালিক এনায়েত হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেনের ছোট ভাই। ফোর ব্রাদার্স এন্টারপ্রাইজের মালিক জুনায়েদ আহমেদ সুমন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে। হক এন্টারপ্রাইজের মালিক মো. মনজুরুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের ছোট ভাই। রুবেল এন্টারপ্রাইজের মালিক মো. রুবেল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মুর্শেদ খোকনের চাচাতো ভাই। আর মিরাব এন্টারপ্রাইজের মালিক মো. মিশু তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর ছোট ভাই।
