Advertisement

ইয়াবা সেবনের ভিডিও ছড়াতেই পদ হারালেন ছাত্রদল নেতা

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ইয়াবা সেবনের ভিডিও ছড়াতেই পদ হারালেন ছাত্রদল নেতা
শাওন খান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুরে পদ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার।

এর আগে, শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্যাডে সদস্যসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থি এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওর ব্যক্তিটি ছাত্রদল নেতা শাওন খান বলে দাবি ওঠে। তবে ভিডিওটির ধারণকাল, স্থান কিংবা ডিজিটাল নির্ভরযোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে শাওন খান দাবি করেছেন, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি (ডিপফেক) ভিডিও ছড়ানো হয়েছে।

তিনি বলেন, গত ১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে মারামারির ঘটনার জের ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিও বানানো হয়েছে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিচ্ছি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার বলেন, ভিডিওটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর দলে জায়গা হবে না। প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় :